নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিক রবিউল হোসেন রাজুকে পেশাগত দায়িত্ব পালনকালে চিত্রনায়িকা পরীমনি ও তাঁর নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজের প্রধান ফটকসংলগ্ন সড়কে নাঙ্গলকোট প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান খান। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর সভাপতি শাখাওয়াত হোসেন শাহীন।
নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক নাছির উদ্দীন।
এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাব সদস্য সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঈম উদ্দিন, ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সাইফুল ইসলাম, ইলিয়াছ হোসাইন, রাশেদ হোসাইন, মানজুরুল ইসলাম শিহাব, সাংবাদিক রিয়াজ উদ্দিন তানভীর, শাহাদাত হোসাইন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক রবিউল হোসেন রাজু কোনো ব্যক্তিগত কাজে নয়, বরং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। একজন সাংবাদিকের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। চিত্রনায়িকা পরীমনি ও তাঁর নিরাপত্তাকর্মীর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারকাখ্যাতি কাউকে আইনের ঊর্ধ্বে থাকার কিংবা অন্যের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অধিকার দেয় না।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কাজ হলো তথ্য সংগ্রহ করে জনগণের সামনে সত্য তুলে ধরা। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে হেনস্তা, অপমান কিংবা ভয়ভীতি প্রদর্শন করা হলে তা স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত হিসেবে বিবেচিত হবে।
তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।