জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে আগামীকাল শনিবার (১৬ মে) আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উপজেলার মুদাফরগঞ্জে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
জানা গেছে, শনিবার সকালে সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। পথে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় অংশ নেবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে যাত্রা শুরু করবেন। সফরকালে তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেবেন। এছাড়া চাঁদপুরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন এবং জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মূল সফরসূচিতে মুদাফরগঞ্জের পথসভা না থাকলেও স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিশেষ অনুরোধে সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃহস্পতিবার রাতে লাকসামে বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয় এবং পথসভা সফল করতে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাবেক ডাকসু সদস্য ও বিএনপি নেতা ড. রশিদ আহমেদ হোসাইনী, লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা।
তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পথসভার বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়নি। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন নাহার লাইলী জানান, এ বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি। একইভাবে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা জানিয়েছেন, পথসভা আয়োজনের বিষয়টি এখনো নিশ্চিত নয়।