জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম পৌরসভায় হাজারো নেতাকর্মী ও সমর্থক নিয়ে বিশাল মোটরসাইকেল বহরসহ ২১টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মজির আহমেদ। আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল কলোনি পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরে মিশ্রী, পেয়ারাপুর ও জেলেপাড়াসহ পৌর এলাকার বিভিন্ন স্থানের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। একপর্যায়ে শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সোহাগ মহৎবীজ উৎপাদন খামারে মোটরসাইকেল বহরটি একত্রিত হওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
পরিদর্শনকালে মজির আহমেদ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের নিরাপত্তা ও পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে ভবিষ্যতে নির্বাচিত হলে সেগুলো পূরণের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
এদিকে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামের পক্ষ থেকেও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি সংসদ সদস্যের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপে উপহারসামগ্রী প্রদান করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল কলনী, থিতিশ পুলিশে বাড়ি, লালু বাবুর কালীমন্দির, পেয়ারাপুর, জেলেপাড়া, বণিক বাড়ি, কালী বাড়ি, ঠাকুরপাড়া, সাহাপাড়া, ধামৈচা কালী বাড়ি, ভগদীশ কবিরাজ বাড়ি, গরুর বাজার, জগন্নাথ বাড়ি, দরগা বাড়ি, সুবাস বাবুর বাড়ি এবং বিভিন্ন সাহা বাড়ির পূজামণ্ডপসহ পৌর এলাকার প্রায় ২১টি মণ্ডপ পরিদর্শন করা হয়।
শোভাযাত্রা ও পূজামণ্ডপ পরিদর্শনকালে লাকসাম পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সমর্থকদের ‘মজির ভাই, মজির ভাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।
আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মজির আহমেদকে মনোনয়ন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁর সমর্থকেরা। তাঁদের দাবি, বিশাল মোটরসাইকেল বহরে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ তাঁর প্রতি জনসমর্থনের প্রতিফলন।