October 21, 2026, 4:27 pm

লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আতঙ্কিত যাত্রীরা

Reporter Name
  • Update Time : Wednesday, October 21, 2026
  • 7 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নাঙ্গলকোটের নাওটি ও লাকসামের আজগরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা অভিমুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে অনেক যাত্রী হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি নাওটি ও আজগরা এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছালে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা অভিমুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলেও ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। দুর্ঘটনার কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হয়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category