November 25, 2026, 6:28 pm

লাকসাম স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা প্রতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Wednesday, November 25, 2026
  • 9 Time View

ইনডোর স্টেডিয়াম, মনোহরগঞ্জে নতুন স্টেডিয়াম ও কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণাও দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। একই সঙ্গে লাকসামে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ, মনোহরগঞ্জ উপজেলায় জমি অধিগ্রহণের মাধ্যমে নতুন স্টেডিয়াম প্রতিষ্ঠা এবং কুমিল্লা জেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার ঘোষণাও দেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় লাকসাম উপজেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

তিনি বলেন, লাকসাম স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে পরিণত করা হবে। পাশাপাশি এখানে ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। মনোহরগঞ্জ উপজেলায় জমি অধিগ্রহণের মাধ্যমে একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে, যেখানে সারা বছর খেলাধুলার আয়োজন করা সম্ভব হবে। এছাড়া কুমিল্লা জেলায় বিকেএসপি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, লাকসাম, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ রোজী আক্তার।

পরে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে লাকসাম উপজেলা ফুটবল দল ১-০ গোলে মনোহরগঞ্জ উপজেলা ফুটবল দলকে পরাজিত করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category