নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড সংক্রান্ত দাবির বিষয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বেতন কমিশন। সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব মহলে নিজেদের অবস্থান তুলে ধরা হয়েছে এবং বিষয়টি কার্যকরের জন্য প্রয়োজনীয় আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইন্সট্রাক্টর ও নেপের সহকারী বিশেষজ্ঞদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পরীক্ষার সময় আন্দোলনে যাওয়াটা যুক্তিযুক্ত হয়নি। তবে শিক্ষকদের দাবিকে অযৌক্তিক বলা হচ্ছে না। সরকার বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করছিল। পরবর্তীতে শিক্ষকরা বিষয়টি উপলব্ধি করে আন্দোলন প্রত্যাহার করায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আন্দোলনের কারণে শিক্ষার্থীদের মানসিক চাপ তৈরি হলেও পুনরায় পরীক্ষা নেওয়ার মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ নিয়ে তিনি জানান, প্রাথমিক স্তরের প্রায় সব পাঠ্যবই ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে গেছে। আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হবে। সরকার নির্ধারিত সময়ের মধ্যেই বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে তিনি নিশ্চিত করেন।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নেওয়া নতুন উদ্যোগ সম্পর্কে উপদেষ্টা বলেন, শিক্ষক হওয়ার আগেই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রেখে ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ কোর্স চালু করা হয়েছে, যা জানুয়ারি মাস থেকে শুরু হবে। এর মাধ্যমে আগ্রহী ও নিবেদিতপ্রাণ শিক্ষকের সংখ্যা বাড়বে এবং প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।