June 14, 2026, 2:37 pm

অবশেষে জানা গেল ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর নাম, সন্ত্রাসবিরোধী মামলায় আদালতে প্রেরণ

Reporter Name
  • Update Time : Sunday, June 14, 2026
  • 8 Time View

জি.এম.এস রুবেল , লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে মিছিলের প্রস্তুতিকালে আটক হওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) তাদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে লাকসাম পৌরশহরের বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। পরদিন লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর অধীনে একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শাহাদাত হোসেন জিহাদ (১৪), রাজদীপ সাহা (১৯), আনাস আল মারুফ (১৫), আল আমিন হোসেন শাওন (১৯), ওমর ফারুক (১৬), রাকিব হোসেন (১৯), আজিজুল ইসলাম মানিক (১৯), সাকিব হোসেন (১৭), রায়হান (১৬), মো. নোমান (১৬), ফরিদ হোসেন (২০), রাসেল হোসেন রায়হান (১৯), খায়রুল এনাম নোমান (২০), রিয়াদ হোসেন (২০), নাহিদুল ইসলাম জিহাদ (১৬) এবং তৌহিদুল হাসান (১৭)।

লাকসাম থানা পুলিশের দাবি, আটককৃত সবাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য। তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। এ কারণে তাদের আটক করা হয়েছে।

তবে গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যরা পুলিশের এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাদের অভিযোগ, আটক হওয়া অনেকেই সড়কপথে হেঁটে বাড়ি ফিরছিলেন। কোনো ধরনের অপরাধে জড়িত না থাকা সত্ত্বেও তাদের আটক করে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সী কয়েকজন কিশোরকে আদালতে পাঠানোর ঘটনায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, “গ্রেপ্তারকৃত ১৬ জন ছাত্রলীগের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category