November 1, 2026, 4:41 pm

ক্রিকেট হকার প্রিমিয়ার লীগের ৭ম আসরের ট্রফি ও জার্সি উন্মোচন

Reporter Name
  • Update Time : Sunday, November 1, 2026
  • 1 Time View

লালমাই প্রতিনিধি:

ক্রিকেট হকার লালমাই জোন আয়োজিত ‘ক্রিকেট হকার প্রিমিয়ার লীগ’-এর ৭ম আসরের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে। ট্রফি ও জার্সি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। এখন শুধু মাঠের লড়াইয়ের অপেক্ষা। আগামী ৬ নভেম্বর শিরোপার লক্ষ্যে মাঠে নামবে ছয়টি দল।

টুর্নামেন্টের আগের ছয় আসরে ছয়টি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। দলগুলো হলো—লালমাই চ্যালেঞ্জার্স, ইকরা ইমরান একাদশ, এবিসি টিউটোরিয়াল হোম, ভুঁইয়া ব্যাটারি হাউজ, নিউ বনফুল ক্রোকারিজ ও এম এ স্পোর্টিং ক্লাব।

এবারের ৭ম আসরে কোন দল চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা ও নানা হিসাব-নিকাশ। দর্শকদের অনেকেই লিটন স্পোর্টিং ক্লাব, ফাতেমা ডেন্টাল কেয়ার ও এম এ স্পোর্টিং ক্লাবকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করছেন।

তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আগাম হিসাব মেলানো কঠিন। কম ওভারের ম্যাচে একজন কিংবা দুজন খেলোয়াড়ই বদলে দিতে পারেন পুরো ম্যাচের চিত্র। তাই কাগজে-কলমে এগিয়ে থাকা দলের পাশাপাশি অন্য দলগুলোরও শিরোপা জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

ব্যক্তিগত নৈপুণ্যের দিক থেকেও কয়েকটি দলকে ঘিরে রয়েছে বাড়তি প্রত্যাশা। এইচ এইচ স্পোর্টিং দলের মাহিন শিকদার ও আলমের দিকে নজর থাকবে দর্শকদের। মধুশ্চর কিশোর স্মৃতি দলের হয়ে এইচ ফারুক, তন্ময় ও জনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অন্যদিকে নিউ বনফুল ক্রোকারিজ দলে রয়েছেন অশিম, সামিম ও আল আমিন—যাঁরা নিজেদের দিনে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে সক্ষম।

সব মিলিয়ে ক্রিকেট হকার প্রিমিয়ার লীগের ৭ম আসর ঘিরে লালমাইয়ের ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষ, এবার অপেক্ষা ব্যাট-বলের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের। আগামী ৬ নভেম্বর শুরু হতে যাওয়া এই আসরে শেষ হাসি হাসবে কোন দল, সেটিই এখন দেখার বিষয়।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category