লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসামে দলীয় শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে ০৭ নম্বর আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বাদল স্বাক্ষরিত এক নোটিশে তাকে এ নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি মো. আব্দুস সালামের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত ও আলোচিত হয়েছে। ওই বক্তব্যের কারণে দলের সাংগঠনিক শৃঙ্খলা ও পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠেছে।
এ অবস্থায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে বলা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধিবিধান অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু শোকজ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।