জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) : কুমিল্লার লাকসামে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে লাকসাম পৌরশহরের বাইপাস হাউজিং এস্টেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, লাকসাম হাউজিং এস্টেট এলাকার মো. জামাল হোসেনের ছেলে হৃদয় (২২) এবং শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নড়িয়া গ্রামের আলী আক্কাস সরদারের ছেলে মো. স্বজল সরদার (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের সাজা প্রদান করা হয়।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নার্গিস সুলতানা জানান, ভ্রাম্যমাণ আদালত মামলা নম্বর ১০২/২৬-এর মাধ্যমে একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ২০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত দুজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) তাঁদের কুমিল্লা কারাগারে পাঠানো হবে।