জি এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু।
শুক্রবার (৩০ মে) লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির প্রধান কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে কুমিল্লা-৯ আসনের বিএনপির সংসদ সদস্য মো. আবুল কালামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে মোশাররফ হোসেন মুশু বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের বিরোধী আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে তিনি জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁর বিরুদ্ধে সর্বাধিক মামলা হয়েছে এবং দলীয় আন্দোলনে তিনি ত্যাগ ও নির্যাতনের শীর্ষ পর্যায়ে ছিলেন।
তিনি বলেন, “দলের একজন ত্যাগী ও নির্যাতিত কর্মী হিসেবে আমি আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হওয়ার দাবিদার। আমি দলীয় সমর্থন প্রত্যাশা করছি এবং সকলের কাছে দোয়া চাই।”
বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা মোশাররফ হোসেন মুশুর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর প্রার্থিতার বিষয়ে সংসদ সদস্য মো. আবুল কালামের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তবে মুশুর প্রকাশ্য আগ্রহ প্রকাশকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।