June 14, 2026, 2:41 pm

জংশন স্টেশনের ভাঙা নিরাপত্তা বেষ্টনী দিয়ে পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : Friday, June 5, 2026
  • 18 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ পাশের ভাঙা নিরাপত্তা বেষ্টনী দিয়ে পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ পাশের নিরাপত্তা দেয়ালের একটি অংশ ভাঙা রয়েছে। ওই ভাঙা অংশ ব্যবহার করে প্রতিদিন অসংখ্য যাত্রী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। গত ৪ জুন (বৃহস্পতিবার) সকাল প্রায় ১১টার দিকে এক অজ্ঞাত নারী ভাঙা অংশ দিয়ে পার হওয়ার সময় পাশের সড়ক দিয়ে বেপরোয়া গতিতে চলা একটি লাল-সাদা রঙের এপাচি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় ওই নারী নিজের নাম সুফিয়া খাতুন (৬০) বলে পরিচয় দিয়েছিলেন।

এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানার এসআই (নিরস্ত্র) কোমল কুমার সাহা বাদী হয়ে ৪ জুন একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত লাল-সাদা রঙের এপাচি মোটরসাইকেলের চালককে আসামি করা হয়েছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হন। তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্ত বর্তমানে তার চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শী সুজন মিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত মহিলাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে শুনেছি কুমিল্লায় নেওয়ার পথে তিনি মারা গেছেন।”

লাকসাম জংশনের ব্যবসায়ী মাহবুব রাব্বানী দিদার বলেন, “স্টেশনের নিরাপত্তা দেয়ালের ভাঙা অংশ দ্রুত মেরামত করা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”

নিরাপত্তা বেষ্টনীর ভাঙা অংশ মেরামতের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা আইডব্লিউ শহিদ উল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

লাকসাম জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, “ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

পোস্টমর্টেম শেষে ৫ জুন সুফিয়া খাতুনের মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।

স্টেশনের ভাঙা নিরাপত্তা বেষ্টনী দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category