June 14, 2026, 2:35 pm

রেজিস্ট্রেশন পেল লাকসাম প্রেসক্লাব, উচ্ছ্বসিত সাংবাদিক সমাজ

Reporter Name
  • Update Time : Thursday, June 11, 2026
  • 13 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন লাকসাম প্রেসক্লাব সরকারি নিবন্ধন (রেজিস্ট্রেশন) লাভ করেছে। দীর্ঘদিনের প্রচেষ্টা, প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়।

এ উপলক্ষে গত ৯ জুন রাতে লাকসামের একটি স্থানীয় রেস্টুরেন্টে প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন-এর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত থেকে সংগঠনের এ গুরুত্বপূর্ণ অর্জন উদযাপন করেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, সরকারি নিবন্ধনের মাধ্যমে ‘লাকসাম প্রেসক্লাব’ নামটি এখন আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। নিবন্ধিত এই নাম বা এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ নামে লাকসামে অন্য কোনো সংগঠন পরিচালিত হতে পারবে না। পাশাপাশি লাকসাম প্রেসক্লাবের লোগোও ট্রেডমার্ক সুরক্ষার আওতায় এসেছে, ফলে অনুমতি ছাড়া কেউ এই লোগো ব্যবহার করতে পারবেন না।

তিনি আরও জানান, সিএইচ-১৬৬৭৪/২০২৬ নম্বরে নিবন্ধিত লাকসাম প্রেসক্লাব ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে লাকসামের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও পেশাদার সংগঠন হিসেবে কাজ করে আসছে। সংগঠনটি নিয়মতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচন এবং পেশাগত কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

নিবন্ধন লাভের খবরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। সংগঠনের নেতারা মনে করেন, সরকারি নিবন্ধনের ফলে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তারা বলেন, লাকসাম প্রেসক্লাবের এই অর্জন শুধু সংগঠনের নয়, বরং পুরো লাকসামের সাংবাদিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এদিকে নিবন্ধন প্রাপ্তিতে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category