September 10, 2026, 4:12 pm

লাকসামে মশক নিধন অভিযানের উদ্বোধন

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 7 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা): ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লার লাকসামে মশক নিধন অভিযান শুরু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে লাকসামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন।

জামায়াত নেতা আবু বকর জাহিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জজকোর্টের সাবেক এপিপি অ্যাডভোকেট মনির, লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ।

উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি। তিনি নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট কর্মীরা বিভিন্ন এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে লাকসাম পৌরসভার সব ওয়ার্ডে মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমও চালানো হবে।

আয়োজকদের প্রত্যাশা, মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়লে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category