লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। এবার আওয়ামী লীগের তিন নেতাসহ পৃথক মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের কুমিল্লার আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা হলেন উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্ডা গ্রামের মো. সুরুজ মিয়া (৭০), নৈরপাড় গ্রামের আমির হোসেন (৫৪) এবং উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামের মাঈন উদ্দিন (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী ২০১৩) অনুযায়ী দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ছাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিনয়ই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইয়াকুব (২০), একই গ্রামের জামাল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৯) এবং কোমারডোগা গ্রামের মোবারক আলীর ছেলে রবিউল হোসেনকে (১৯) পুলিশ আইনের ৩৪(৬) ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দরবেশপাড়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে জিহাদ হোসেনকে (২৬) বিদ্যুৎ আইন-২০১৮-এর ৩৫ ধারায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সব মিলিয়ে পৃথক অভিযানে গ্রেপ্তার সাতজনকে আদালতে পাঠিয়েছে লাকসাম থানা-পুলিশ।