November 22, 2026, 1:32 am

লাকসামে লোকালয়ে দলছুট বানর, দেখতে উৎসুক জনতার ভিড়

Reporter Name
  • Update Time : Sunday, November 22, 2026
  • 8 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি বানর। খাদ্যসংকট ও নিরাপদ আবাসস্থল হারিয়ে বানরটি লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটিসহ আশপাশের বিভিন্ন গ্রামে বানরটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। বিরল এই দৃশ্য দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বাড়ির টিনের চালে বানরের ছোটাছুটি দেখে এলাকাবাসীর নজরে আসে প্রাণীটি। কখনো আমগাছের ডাল বেয়ে লাফিয়ে টিনের চালে উঠছে, আবার কখনো ঘরের চালে বসে মানুষের উপস্থিতি উপভোগ করছে। বানরটিকে ঘিরে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হলেও কেউ কেউ আতঙ্কও প্রকাশ করছেন।

সরেজমিনে দেখা যায়, স্থানীয়রা কলা, বিস্কুট, বাদাম, কেক ও রুটিসহ বিভিন্ন খাবার বানরটির দিকে ছুড়ে দিচ্ছেন। বানরটিও সেগুলো গ্রহণ করছে। কেউ নানা অঙ্গভঙ্গির মাধ্যমে প্রাণীটির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। আবার কেউ কেউ বানরটিকে লক্ষ্য করে ঢিল ছুড়ছেন। এতে ভীত হয়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছোটাছুটি করছে প্রাণীটি।

বেতিহাটি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. মিলন হোসেন জানান, কয়েক মাস আগেও গ্রামটিসহ আশপাশের এলাকায় বানরটিকে দেখা গেছে। সে সময় দুরন্ত কিশোরদের তাড়া খেয়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে পালিয়ে বেড়াতে দেখা যেত প্রাণীটিকে।

লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান দুলাল বানরটিকে বিরক্ত না করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে বানরটির সুরক্ষা ও সংরক্ষণের বিষয়ে লাকসাম উপজেলা বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন খোন্দকার বলেন, খাদ্যের অভাব এবং নিরাপদ আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় বানরটি নিরাপদ খাদ্য ও আশ্রয়ের সন্ধানে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে বানরটি কোথা থেকে এবং কীভাবে এ এলাকায় এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বন্যপ্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করতে সেটিকে বিরক্ত না করা, ঢিল না ছোড়া এবং অযথা ভিড় না করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category