নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে একটি নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে আবু সাঈদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আইনি পদক্ষেপের পরিবর্তে অভিযুক্তের বড় ভাই ও জামায়াত নেতা জহিরুল ইসলাম সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এমন মীমাংসায় সন্তুষ্ট নন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, বিভিন্ন সময়ে অভিযুক্ত আবু সাঈদ তাদের শিশুদের স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন। বিষয়টি স্থানীয়দের জানানো হলে অভিযুক্তকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন।
অভিযুক্ত আবু সাঈদ বলেন, ‘এটা আমার ভুল হয়েছে। ভবিষ্যতে এমন কিছু আর করব না।’
অভিযুক্তের বড় ভাই জহিরুল ইসলাম বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। সেটি সঙ্গে সঙ্গে মীমাংসা করে দিয়েছি।’
মাদ্রাসার প্রধান হাফেজ সুলাইমান বলেন, এলাকাবাসী মাদ্রাসার সামনে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার বিষয়ে স্বীকার করেছেন। ভবিষ্যতে এমন কাজ করবেন না বলেও জানিয়েছেন।
স্থানীয় সমাজসেবক ওসমান গনি চৌধুরী বলেন, ভুক্তভোগী পরিবারগুলো তাদের কাছে বিচার চেয়েছে। তারা অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছেন।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিশুদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।