জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
লাকসামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫২তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় লাকসাম স্টেডিয়ামে ফাইনাল ফুটবল খেলা শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোমাঞ্চকর ফাইনালে নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় ট্রাইব্রেকারে ৪-২ গোলে জালাল মেমোরিয়াল হাইস্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে ইকবাল, জনি, জুনায়েদ ও সোয়াইব একটি করে গোল করেন। অপরদিকে রানারআপ জালাল মেমোরিয়াল হাইস্কুলের পক্ষে ইয়াসিন আরাফাত ও রোহান গোল করেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলন চাকমা। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নাছির উদ্দিন। এসময় লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী পর্বে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। এসময় প্রধান অতিথি মিলন চাকমা বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামীতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
বিজয়ী প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন ছাত্রদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই অর্জন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এখন আমাদের দায়িত্ব বেড়ে গেলো—জেলা পর্যায়ে লাকসামের প্রতিনিধিত্ব করতে হবে। সকলের দোয়া কামনা করছি।”