April 17, 2026, 12:34 pm

৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (বালিকা) টুর্নামেন্টে কুমিল্লা জেলার রানার্স-আপ ‘গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’

Reporter Name
  • Update Time : Sunday, October 12, 2025
  • 349 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লা জেলা পর্যায়ের ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (বালিকা) টুর্নামেন্টে লাকসামের ‘গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। নারী শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি ও প্রতিভা বিকাশে আয়োজিত এ প্রতিযোগিতা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

শনিবার (১১ অক্টোবর) কুমিল্লা জেলার ইউসুফ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ দল চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করলেও শেষ মুহূর্তে প্রতিপক্ষের কাছে অল্প ব্যবধানে ট্রাইবেকারে পরাজিত হয়।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে গণউদ্যোগ বালিকা দল তিতাস উপজেলার প্রতিনিধিকে পরাজিত করে এবং দ্বিতীয় রাউন্ডে লালমাই উপজেলার দলকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে তারা সদর দক্ষিণ উপজেলার মোগলটুলী হাই স্কুলের মুখোমুখি হয় এবং দারুণ লড়াই শেষে রানার্স-আপ হয়ে মাঠ ছাড়ে।

খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, ক্রীড়া কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর সোমেশ কর চৌধুরী, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চল। সভাপতিত্ব করেন ইউসুফ হাই স্কুলের প্রধান শিক্ষক।

গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব রনজিৎ চন্দ্র দাশ বলেন, “আমাদের মেয়েরা অত্যন্ত পরিশ্রমী ও আত্মবিশ্বাসী। জেলা পর্যায়ে রানার্স-আপ হলেও তারা ভবিষ্যতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
তিনি শারীরিক শিক্ষার শিক্ষক জনাব আবুল হাশেম, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মাহবুবা আক্তারসহ সকল শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডি ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই অর্জনে লাকসাম অঞ্চলের নারী ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়া সংগঠক, শিক্ষক ও অভিভাবকরা মেয়েদের এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category