জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন ঘিরে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রয়াত কর্নেল (অব.) এম. আনোয়ার-উল আজিমের একমাত্র কন্যা সামিরা আজিম দোলাকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে মনোহরগঞ্জের খিলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ চালান। এ সময় অনেকে প্রতিবাদের এক পর্যায়ে রাস্তায় শুয়ে পড়েন, যা মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয়।
নেতাকর্মীরা বলেন, “সামিরা আজিম দোলা প্রয়াত কর্নেল আনোয়ার-উল আজিমের উত্তরসূরি হিসেবে লাকসাম–মনোহরগঞ্জের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী। তৃণমূলের মতামত উপেক্ষা করে যেভাবে প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে, তা আমরা মানি না।”
এর আগে সোমবার (৩ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করেন। এ তালিকায় কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মো. আবুল কালামকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ঘোষণার পরই একপক্ষ আনন্দ মিছিল করলেও সামিরা আজিম দোলার সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রয়াত কর্নেল (অব.) এম. আনোয়ার-উল আজিম ২৫ বছর ধরে এই আসনে বিএনপি ও অঙ্গসংগঠনকে সংগঠিত ও ঐক্যবদ্ধ রেখেছেন। সততা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতায় তিনি ছিলেন সর্বজনস্বীকৃত নেতা।
তাদের অভিযোগ, “২০০৮ সালের নির্বাচনে মাত্র ২৫৮ ভোটে পরাজয়ের পেছনেও দলের অভ্যন্তরীণ কিছু নেতা আওয়ামী লীগ প্রার্থীর হয়ে কাজ করেছিলেন। আজ সেই একই ধারা অব্যাহত রাখা হয়েছে।”
বিক্ষোভে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, হাজী আমির হোসেন, মনিরুজ্জামান মনির, শাহাদাত হোসেন, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, আবদুল মমিন, গোলাম মাওলা, শ্রমিকদল নেতা শওকত আলম সেলিম, যুবদল নেতা মনির হোসেন, জাহিদুল ইসলাম, এরশাদ হোসেন, খসরু, ওমর ফারুক জিসানসহ বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
তৃণমূল নেতাদের ভাষায়, “আদর্শ, ত্যাগ ও জনগণের ভালোবাসা যেখানে মূল ভিত্তি হওয়া উচিত, সেখানে ব্যক্তিগত পক্ষপাত দলীয় ঐক্যকে প্রশ্নবিদ্ধ করছে।”