নিজস্ব প্রতিবেদক, লাকসাম: কুমিল্লার লাকসামে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় মো. মহসিন (২৮) নামে সৌদি আরব প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মার্চ) রাতে লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর পশ্চিমগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসিন ওই এলাকার রিকশাচালক মো. দুদু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম পৌরসভার সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর নাসিমা সুলতানা।
পারিবারিক সূত্রে জানা যায়, মো. মহসিন দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। ঈদের পরপরই তার আবার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল।
স্বজনরা জানান, ঘটনার দিন রাতে বাড়ির পাশের একটি সড়কে মোটরসাইকেল চালানো শিখছিলেন মহসিন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বাড়ির সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায়ও এ ঘটনায় শোকের পরিবেশ বিরাজ করছে।