নিজস্ব প্রতিবেদক, লাকসাম: ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লাকসামে আয়োজন করা হয় কারাতে শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা। লাকসাম উপজেলা কারাতে একাডেমি ও সিতোরিউ কারাতে দো এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৪টায় লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন কারাতে অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্যরা। অনুষ্ঠানটি পরিণত হয় এক আন্তরিক ও আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, লাকসাম প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক জিএমএস রুবেল।

সৈয়দ মিজানুর রহমান হিরনের সভাপতিত্বে এবং কারাতে কোচ হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারাতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নার্গিস সুলতানা বলেন, কারাতে শুধু ক্রীড়াচর্চা নয়, এটি আত্মরক্ষা, আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। তরুণ সমাজকে মাদক, অপরাধ ও নেতিবাচকতা থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এসিল্যান্ড মিলন চাকমা বলেন, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে কারাতে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে এবং সুস্থ সমাজ বিনির্মাণে সহায়ক হয় বলেও তিনি মত দেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।