লালমাই (কুমিল্লা) প্রতিনিধি: গ্রামে কুস্তি খেলার আয়োজন—আনন্দঘন সেই মুহূর্তই মুহূর্তে রূপ নেয় শোকে। কুমিল্লার লালমাই উপজেলায় কুস্তি খেলতে নেমে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক অভিজ্ঞ খেলোয়াড়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্তব্ধ হয়ে পড়েন অনেকেই।
মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদরাসা সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন মজুমদার (৫৩), স্থানীয়ভাবে ‘বলি হেলাল’ নামে পরিচিত ছিলেন। তিনি লাকসাম উপজেলার কোঁয়ার গ্রামের বাসিন্দা। পেশায় একজন মুদি দোকানদার হলেও কুস্তির ময়দানে তিনি ছিলেন পরিচিত মুখ।
প্রত্যক্ষদর্শী ও ভাইরাল ভিডিও সূত্রে জানা যায়, রেফারির উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই শুরু করেন হেলাল। খেলার একপর্যায়ে প্রতিপক্ষ তাকে মাটিতে ফেলে দেন এবং এক পায়ে ধরে কিছুটা টেনে নিয়ে যান। ঠিক তখনই হঠাৎ নিথর হয়ে পড়েন তিনি। থেমে যায় তার নড়াচড়া, বন্ধ হয়ে যায় খেলা।
প্রথমে উপস্থিত অনেকে ধারণা করেন, তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। তবে কিছু সময় পরই নিশ্চিত হওয়া যায়—মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হেলাল। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ নেমে আসে নীরবতায়; দর্শকদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও শোক।
স্থানীয়দের মতে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই ঘটে এই মর্মান্তিক ঘটনা, যা পুরো এলাকাকে শোকে ডুবিয়ে দেয়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—খেলারত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ নিজ বাড়িতে নিয়ে দাফন করা হয়।