জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর রীতি থাকলেও এ বছর কুমিল্লার লাকসাম উপজেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। কোনো অজ্ঞাত কারণে শহীদ মিনারে স্থানীয় কোনো রাজনৈতিক দলের উপস্থিতি চোখে পড়েনি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালামের পক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসন, লাকসাম থানা, ফায়ার সার্ভিসসহ সরকারি বিভিন্ন দপ্তরের বাইরে লাকসাম প্রেসক্লাব, লাকসাম সাংস্কৃতিক জোট, স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাবসহ কয়েকটি সংগঠনকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে। তবে পুরো আয়োজন ছিল অনাড়ম্বর এবং অস্বাভাবিকভাবে নিস্তব্ধ।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, এমন পরিস্থিতি আগে খুব একটা দেখা যায়নি। বিষয়টি অস্বাভাবিক এবং এর পেছনে বিশেষ কোনো কারণ থাকতে পারে বলে তারা মনে করেন।
লাকসাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. জোবায়ের ফয়সাল বলেন, “সাংগঠনিক রীতি অনুযায়ী আমরা শহীদ মিনারে ফুল না দিয়ে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করি। এবারও বাদ জোহর লাকসাম উপজেলা জামায়াত কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর লাকসাম উপজেলা যুগ্ম সমন্বয়ক আশিকুল ইসলাম পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা না জানানোর বিষয়টি স্বীকার করে বলেন, “আমাদের সভাপতিসহ কয়েকজন নেতাকর্মী শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপস্থিত ছিলেন।”
অন্যদিকে, জাতীয় পার্টির এক দায়িত্বশীল নেতা মিজানুর রহমান জানান, “আমরা কেন্দ্রীয়ভাবে শ্রদ্ধা জানাই, উপজেলা পর্যায়ে ফুল দেওয়া হয় না।”
গণসংহতি আন্দোলনের লাকসাম উপজেলা আহ্বায়ক জহির রায়হান সাগর বলেন, “পারিবারিক স্বাস্থ্যগত সমস্যার কারণে নিজেও কোনো আয়োজন করতে পারিনি এবং সংগঠনকেও কোনো নির্দেশনা দিতে পারিনি।”
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূর উল্লাহ রায়হানের সঙ্গে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদলের সঙ্গে মোবাইলে যোগাযোগ সম্ভব হয়নি।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, “শ্রদ্ধা নিবেদন করা প্রত্যেকটি দলের নিজস্ব সিদ্ধান্ত। এ বিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি নিয়ে আলোচনা চলছে।
তবে সকাল ৯টা থেকে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। এতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লেসহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।