লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও জোড়পুকুর এলাকার একটি শতবর্ষী পুকুর রাতের আঁধারে ভরাট করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা। এ সময় ভরাটকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রির ঘোষণা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম-শ্রীয়াং সড়কের পশ্চিমগাঁও জোড়পুকুরের পূর্ব পাশের ঐতিহ্যবাহী বৃহৎ পুকুরটি একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে বালু ফেলে ভরাট করে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
রোববার (১০ মে) সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে প্রশাসন ভরাটের সত্যতা পায়। তবে অভিযানে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে থাকা কয়েক লাখ টাকার বালু জব্দ করে তা প্রকাশ্য নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা, পুলিশ সদস্য এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর, খাল, ডোবা ও অন্যান্য জলাশয় ভরাটের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা বলেন, পুরনো এই পুকুরটি শুধু এলাকার ঐতিহ্যের অংশই নয়, বরং জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা পুকুরটি পুনরুদ্ধার এবং দায়ীদের শাস্তির দাবি জানান।