জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
লাকসামে অটোরিকশার ধাক্কা ও ট্রাকের চাপায় শাহাদাৎ হোসেন স্বাধীন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর আরোহী ফারুক হোসেন (৩৪)। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে লাকসাম-মনোহরগঞ্জ সিএনজি স্ট্যান্ড ও দৌলতগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডের মাঝামাঝি সাহাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বাধীন লাকসাম পৌরসভার গাজীমুড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে। আহত ফারুক হোসেনও একই গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে মোটরসাইকেলে করে দুই যুবক দৌলতগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। সাহাপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে পড়ে গেলে পিছন দিক থেকে আসা সারভর্তি বিআরটিসির একটি ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে শাহাদাৎ হোসেন স্বাধীনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফারুক হোসেনকে প্রথমে কুমিল্লার একটি হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।