লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ভিপি নুরের দল গণ অধিকার পরিষদের মনোনীত ট্রাক মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হাসান শুক্রবার (২১ নভেম্বর) দুপুর থেকে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে ব্যাপক গণসংযোগ করেন। নাথেরপেটুয়া, খিলা, লাকসাম বাজার ও লাকসাম জংশন বাজারে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং প্রচারপত্র বিতরণ করেন তিনি।
প্রথাগত বড় দলের দাপটের মধ্যেও মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা আর মাঠে তার সক্রিয় উপস্থিতি—এই নতুন প্রার্থীকে নিয়ে জনমনে ইতিবাচক আলোচনার জন্ম দিচ্ছে।
গণসংযোগ চলাকালে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হাসান বলেন, “৫৩ বছরে উন্নয়নের নামে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে। শিক্ষা-স্বাস্থ্য কোনো খাতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি—তার প্রমাণ, প্রচলিত দলের নেতারা নিজেরাও দেশে চিকিৎসা নিতে ভয় পান; বিদেশে গিয়ে চিকিৎসা নেন। তাদের সন্তানরাও বিদেশে লেখাপড়া করে দেশের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা সামনে এনে দেয়।”
গণসংযোগকে কেন্দ্র করে যুব অধিকার পরিষদের লাকসাম উপজেলার সদস্য সচিব মোঃ আল আমিন, আহবায়ক মেহেদী হাসানের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন। পুরো এলাকায় নতুন দলের নতুন মার্কা নিয়ে ভোটারদের মাঝে উৎসাহের ঢেউ দেখা গেছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা—এবারের নির্বাচনে কুমিল্লা-৯ আসনে নতুন সমীকরণ তৈরি করতে পারেন এই নবীন প্রার্থী।