April 19, 2026, 3:34 pm

কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বহুদলীয় উত্তাপ:

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025
  • 87 Time View

এক আসনে ৭ দলের প্রতিদ্বন্দ্বিতা, ভোটারদের নজর এখন প্রার্থীদের প্রতিশ্রুতিতে

জি.এম.এস রুবেল, লাকসাম–মনোহরগঞ্জ প্রতিনিধি :
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) জাতীয় সংসদ আসন এবারের নির্বাচনে দেশের অন্যতম আলোচিত এলাকায় পরিণত হয়েছে। একাধিক রাজনৈতিক দলের সক্রিয় উপস্থিতি, নতুন ও পুরনো মুখের প্রতিদ্বন্দ্বিতা এবং দলীয় মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েনে পুরো আসন জুড়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে।
বিএনপি, জামায়াত, ইসলামি আন্দোলন, গণসংহতি, গণ অধিকার পরিষদ, ইসলামি ফ্রন্ট এবং জাতীয় নাগরিক পার্টি— মোট ৭ দলের প্রার্থী নিয়ে তৈরি হয়েছে বহুদলীয় প্রতিযোগিতা। মূলধারার বাইরে বিকল্প প্ল্যাটফর্মগুলোও এ আসনে তাদের শক্তিমত্তা দেখাতে মাঠে নেমেছে।

বিএনপির ধানের শীষে মোঃ আবুল কালাম: ভোটার-সংশ্লিষ্ট প্রচারণায় এগিয়ে
বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম বর্তমানে মাঠে সবচেয়ে দৃশ্যমান। লাকসাম–মনোহরগঞ্জের বিভিন্ন এলাকায় তার গণসংযোগ, গ্রাম–পাড়া–মহল্লায় সরাসরি মানুষের সাথে কথা বলা এবং পরিবর্তনের অঙ্গীকার ভোটারদের মধ্যে ভালো সাড়া ফেলছে। স্থানীয় বিশ্লেষকদের মতে, বিএনপির তৃণমূল কাঠামো তার পক্ষে সক্রিয় হয়ে উঠেছে।
বিএনপি— অভ্যন্তরীণ টানাপোড়েন
এদিকে বিএনপিতে মনোনয়ন বঞ্চিত নেত্রী সামিরা আজিম দোলা এখনো নমিনেশনের আশা ছাড়েননি বলে দলীয় অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে। দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে আগে একটি সমঝোতা হলেও, শর্তভঙ্গের অভিযোগ এনে দোলা সেই ঐক্য থেকে সরে আসেন। এই বিষয়টি স্থানীয় বিএনপি ঘরানায় নতুন আলোচনার সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, পরিস্থিতি বদলালে দোলা আবার নতুন কোনো রাজনৈতিক অবস্থান নিতে পারেন।
জামায়াতে ইসলামী: দাড়ি পাল্লা প্রতীকে ড. সরোয়ার সিদ্দিকী
জামায়াতের প্রার্থী ড. সরোয়ার সিদ্দিকী তুলনামূলক নীরব কৌশলে প্রচারণা চালাচ্ছেন। ইসলামী মূল্যবোধ, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার কথা তুলে ধরে তিনি নিজস্ব সংগঠননির্ভর ভোটব্যাংকে ভরসা করছেন। কর্মীদের মাধ্যমে বাড়ি-ভিত্তিক প্রচারণাই তাদের প্রধান কৌশল।
ইসলামি আন্দোলনে হাতপাখায় সেলিম মাহমুদ
ইসলামি আন্দোলন বাংলাদেশের সেলিম মাহমুদ গ্রামে–মসজিদে ছোট ছোট মতবিনিময় সভা করে এগোচ্ছেন। তিনি ধর্মীয় মূল্যবোধ, ন্যায়, দুর্নীতি দমন ও শান্তিপূর্ণ সমাজ গঠনের বার্তা নিয়ে জনগণের কাছে পৌঁছাচ্ছেন।
গণসংহতি আন্দোলন: মাথাল প্রতীকের তরুণমুখ জহির রায়হান সাগর
বামঘরানার দল গণসংহতির প্রার্থী জহির রায়হান সাগর তরুণদের আকর্ষণ করছেন দুর্নীতিবিরোধী স্লোগান, গণতন্ত্র ও অধিকারভিত্তিক রাজনীতির কথায়। মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার প্রচারণা চোখে পড়ছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন— পরিবর্তন-চাওয়া তরুণদের ভোটে সাগর একটি ভূমিকা রাখতে পারেন।
গণ অধিকার পরিষদ: ট্রাক প্রতীকে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হাসান
ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হাসান সাম্প্রতিক সময়ে আলোচিত নবীন রাজনৈতিক মুখ। জনঅধিকার, স্বচ্ছতা এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তিনি বিশেষত অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয়তা পেয়েছেন। মাঠেও তাকে ঘন ঘন দেখা যাচ্ছে ভোটারদের সাথে সরাসরি কথা বলতে। তৃণমূলের অনেক তরুণ তার প্রচারণার সঙ্গে যুক্ত হয়েছেন।
ইসলামি ফ্রন্ট বাংলাদেশ: চেয়ার প্রতীকে মীর মুহাম্মদ আবু বকর সিদ্দিকী
ইসলামি ফ্রন্টের প্রার্থী মীর মুহাম্মদ আবু বকর সিদ্দিকী মূলত সংগঠনকেন্দ্রিক প্রচারণা চালাচ্ছেন। তিনি ভোটারদের কাছে ন্যায়-নীতি ও পরিচ্ছন্ন রাজনীতির বার্তা পৌঁছে দিচ্ছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): শাপলা কলিতে এখনো চূড়ান্ত নয়, ৪ জনের মনোনয়ন দৌড়
কুমিল্লা-৯ আসনে এনসিপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি। তবে দলীয় বিশ্বস্ত সূত্র জানায়— ৪ জন প্রার্থী বর্তমানে শীর্ষ তালিকায় রয়েছেন:

  • ব্যারিস্টার মাজহারুল ইসলাম সোহেল
  • ইঞ্জিনিয়ার এ.এন.এম আসলাম ভূইয়া
  • মোঃ জাকির হোসেন
  • নাজমুল করিম রিটু
    সূত্র আরো জানায়— এই চারজন ছাড়া অন্য কাউকে কোনো সংকেত বা আশ্বাস দেওয়া হয়নি, অর্থাৎ মনোনয়নের লড়াই মূলত এই চারজনের মধ্যেই সীমাবদ্ধ। দলের উচ্চপর্যায় তাদের জনপ্রিয়তা, সাংগঠনিক ভূমিকা ও নির্বাচনি সক্ষমতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। এনসিপির অংশগ্রহণ চলমান প্রতিদ্বন্দ্বিতাকে আরও জটিল করে তুলতে পারে বলেও রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।
    ভোটারদের চোখে প্রধান বিবেচ্য বিষয়
    স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানা যায়—
  • উন্নয়ন
  • কর্মসংস্থান বৃদ্ধি
  • স্থানীয় সড়ক–স্বাস্থ্য–শিক্ষা সমস্যা
  • নিরাপত্তা ও সুশাসন
  • গণতান্ত্রিক অংশগ্রহণ
    এই ৫টি বিষয়ই ভোটারদের মন জয় করার প্রধান চাবিকাঠি।
    চূড়ান্ত লড়াইটি কেমন হতে পারে?
    বহুদলীয় সমীকরণ, বিএনপির অভ্যন্তরীণ পরিবর্তন, এনসিপির অনিশ্চিত মনোনয়ন এবং নতুন প্রজন্মের সক্রিয়তা— সব মিলিয়ে কুমিল্লা-৯ আসনটিকে এখন দেশজুড়ে সবচেয়ে আলোচিত আসনের একটিতে পরিণত করেছে।
    একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “এবারের নির্বাচনটি হবে বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতার— কোনো একক দল বা প্রার্থীকে এখনই এগিয়ে বলা কঠিন।”
    ভোটের দিন যত এগিয়ে আসবে, ততই পরিষ্কার হবে কে জমিয়ে তুলছেন লড়াই আর কে হারাচ্ছেন জমি।

প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category