জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
লাকসামে খুন্তা ফাউন্ডেশনের উদ্যোগে “মাদকমুক্ত সমাজ গঠন ও নারী শিক্ষার প্রসার” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় খুন্তা হেফজখানা ও মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ সভায় গ্রামের সর্দার ও বিশিষ্টজনের পাশাপাশি শতাধিক নারী উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার নুসরাত জাহান।
সভায় সভাপতিত্ব করেন খুন্তা হেফজখানা ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হক মিঠু।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নার্গিস সুলতানা বলেন, “আমাকে কম বয়সে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি নিজেই লড়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি।”
তিনি বলেন, নারী শিক্ষার মাধ্যমেই একজন নারী নিজের ভবিষ্যৎ গড়তে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়। নারীকে শিক্ষিত ও আত্মনির্ভরশীল করে তোলাই উন্নত সমাজ গঠনের অন্যতম পথ।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের দৃঢ় অবস্থান তুলে ধরে ইউএনও আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সহযোগিতা ২৪ ঘণ্টা থাকবে। কেউ সমস্যা অনুভব করলে ফোন করে জানালেই পুলিশ ও সেনাবাহিনী প্রস্তুত।”
অভিভাবকদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, “সন্তানের বিপথগামিতা রোধে বাবারা সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। এতে পারিবারিক বন্ধন দৃঢ় হবে এবং সমাজে অপরাধ প্রবণতা কমবে।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা নারী শিক্ষার গুরুত্ব, সামাজিক সচেতনতা এবং মাদকমুক্ত প্রজন্ম গঠনে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।