কুমিল্লার লাকসামে ট্রাইব্যুনালকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে ঢাকায় আওয়ামী লীগের পক্ষে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতা পরিচয়ধারী শাহাদাৎ হোসেন –কে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে আটটায় পূর্ব লাকসাম কালিবাড়ি এলাকার ফারজানার বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি সেখানে ভাড়া থাকতেন এবং স্থানীয়ভাবে আরএফএল কোম্পানিতে চাকরি করতেন।
শাহাদাৎ নোয়াখালীর সুদারাম মডেল থানার দক্ষিণ শিবপুর গ্রামের জসিমউদ্দীন ও নারগিস বেগমের ছেলে।
লাকসাম থানার এসআই হারুন জানান, শাহাদাৎ হোসেন ছাত্রলীগের আনুষ্ঠানিক সদস্য নন। তবে তিনি যে মিছিলে অংশ নিয়েছিলেন সে বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে।
১৩ নভেম্বর ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তাকে ইউনুস সরকারের সমালোচনা, ট্রাইব্যুনালকে অবৈধ বলা এবং শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। তার ব্যক্তিগত ফেসবুক আইডিতেও নোয়াখালী জেলা ছাত্রলীগের সদস্য পরিচয় উল্লেখ রয়েছে।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, “ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।”
পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিষয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।