জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
জুলাই সনদের আইনি ভিত্তি, প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে লাকসামে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় লাকসামের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এ সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা আমির জয়নাল আবেদীন পাটোয়ারী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মো. মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দক্ষিণ আমির মুহাম্মদ শাহজাহান এ্যাডভোকেট, জেলা দক্ষিণ সেক্রেটারি ড. সৈয়দ এ.কে.এম সারওয়ার উদ্দিন সিদ্দিকি, লাকসাম উপজেলা আমির হাফেজ জহিরুল ইসলাম, এবং কুমিল্লা জজকোর্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সুজন।
সভায় আরও বক্তব্য রাখেন লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ।
প্রধান অতিথি মাওলানা মাসুম তার বক্তব্যে বলেন—
“সংসদের টাকা খরচ করে যে কেউ সংসদে প্রবেশ করতে পারবে না। পি.আর পদ্ধতি হলে নর্তকীরা সংসদে গান গাইতে পারবে না।”
তিনি দাবি করেন, বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল এখন পি.আর পদ্ধতির পক্ষে মত দিচ্ছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা এখন জামায়াতে ইসলামীর দিকেই—বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন পর্যবেক্ষণ করলেই তা স্পষ্ট হয়।
তিনি আরও বলেন, জুলাই মাসে ৩৬ দিনব্যাপী মাদরাসা ছাত্র, ছাত্রশিবির ও ইসলামি আন্দোলনের কর্মীদের আন্দোলনের ফলেই দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় বস্তুবাদী শিক্ষা বাতিল এবং “মানিক মার্কা” বিচার ব্যবস্থা সংস্কার করা হবে বলেও তিনি ঘোষণা দেন।