জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) ॥
কুমিল্লার লাকসামের বিশিষ্ট শিক্ষাবিদ ও গণউদ্যোগ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রণজিৎ চন্দ্র দাশ অর্জন করেছেন “প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫”।
শনিবার (৪ অক্টোবর) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘বিজয় প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে আইপিডিসি ফাইন্যান্স ও দৈনিক প্রথম আলো।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, সৃজনশীল শিক্ষণপদ্ধতি ও শিক্ষার্থীদের অনুপ্রেরণাদায়ী দিকনির্দেশনার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। এবারে সারাদেশ থেকে মোট ২,৬৮২ জন শিক্ষক প্রাথমিকভাবে মনোনীত হন, যার মধ্যে জুরিবোর্ডের যাচাই শেষে মাত্র ৭ জন শিক্ষককে “প্রিয় শিক্ষক ২০২৫” হিসেবে বেছে নেওয়া হয়।
সম্মাননা হিসেবে রণজিৎ চন্দ্র দাশের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, উত্তরীয় পরানো ছাড়াও এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
অধ্যক্ষ রণজিৎ চন্দ্র দাশ এ সম্মাননা পেয়ে আবেগপ্রবণ কণ্ঠে বলেন—
“এই পুরস্কার শুধু আমার নয়, এটি আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং পুরো শিক্ষা পরিবারের প্রাপ্য। ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমার আজীবনের লক্ষ্য।”
তাঁর এ সাফল্যে লাকসামসহ কুমিল্লা জেলার শিক্ষা অঙ্গনে আনন্দ ও গর্বের আমেজ বিরাজ করছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, “এটি কেবল একজন শিক্ষকের সম্মাননা নয়, বরং পুরো জেলার জন্য গৌরবের বিষয়।”