লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জে মোবাইল ফোন না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে জীবন দিয়েছে মহিন উদ্দিন (১২) নামের এক শিক্ষার্থী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে। নিহত মহিন উপজেলার হাটিরপাড় গ্রামের মজিদুল ইসলাম ও নিলুপা বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিন হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। বহু বছর আগে তার বাবা নিখোঁজ হয়ে গেলে মা নিলুপা বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। পড়াশোনার প্রতি অনাগ্রহী হয়ে মহিন এলাকার অসাধু ছেলেদের সঙ্গে মিশে মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়ে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পড়াশোনায় মনোযোগী হওয়ার কথা বলে মা তাকে বকাঝকা করেন। এসময় মহিন মায়ের কাছে মোবাইল ফোন দাবি করে। কিন্তু মা রাজি না হওয়ায় ক্ষোভে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় সে।
পরে অনেকক্ষণ কোনো শব্দ না পেয়ে মা দরজা ভেঙে ভেতরে ঢুকে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মহিনকে মৃত ঘোষণা করেন।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, “আমরা ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে দেখছি। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”