June 14, 2026, 8:25 pm

লাকসামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Reporter Name
  • Update Time : Thursday, October 23, 2025
  • 127 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।
বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), লাকসামের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, এবং সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিতে যানবাহন চালানো এবং ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয় — নাগরিকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে নিরাপদ সড়ক গড়তে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন,

“প্রতিটি জীবনের মূল্য অমূল্য। একটি দুর্ঘটনা শুধু একটি পরিবারকেই নয়, পুরো সমাজকেই বিপর্যস্ত করে দেয়। তাই চালক, পথচারী ও যানবাহন মালিক— সবারই সচেতন হওয়া প্রয়োজন। মানসম্মত হেলমেট ব্যবহার, সঠিক গতি বজায় রাখা ও ট্রাফিক আইন মেনে চললেই অনেক দুর্ঘটনা রোধ করা সম্ভব। নিরাপদ সড়ক গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান বলেন,

“নিরাপদ সড়ক কেবল আইনের প্রয়োগে নয়, মানুষের নৈতিকতা ও দায়িত্ববোধের ওপরও নির্ভর করে। তরুণ প্রজন্মকে ট্রাফিক শৃঙ্খলার বিষয়ে সচেতন করতে হবে, তাহলেই দুর্ঘটনামুক্ত সড়ক গড়ে তোলা সম্ভব।”

সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম চৌধুরী হীরা, নিসচা লাকসাম শাখার সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন আহমদ চুন্ন, শ্রমিক সংগঠনের সভাপতি লুৎফুর রহমান জুয়েল, পরিবহন মালিক সমিতির সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক স্বপন মিয়া।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা একমত হয়ে বলেন, সচেতন চালক, প্রশিক্ষিত পথচারী ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা থাকলেই সড়কে মৃত্যুর মিছিল কমানো সম্ভব — আর তাতেই গড়ে উঠবে নিরাপদ সড়ক, নিরাপদ বাংলাদেশ।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category