জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লার লাকসাম উপজেলার খিলপাড়া হাজী বাড়িতে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে প্রতিবেশীর অত্যাচার। ভুক্তভোগীর অভিযোগ—প্রতিবেশী বাচ্চু মিয়া ও তার স্ত্রী জাহারা বেগমসহ কয়েকজন মিলে অকারণে তাকে গালাগাল, শারীরিকভাবে নির্যাতন এবং হত্যার চেষ্টা পর্যন্ত করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী সেলিনা বেগম প্রকাশ সেলিনা (৩৩) জানান, ২৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তিনি বাড়ির পাশের করবস্থানের রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন। এসময় অভিযুক্তরা এসে অকারণে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করে। প্রতিবাদ জানালে তারা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাঠি দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এমনকি তার গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তিনি প্রাণে রক্ষা পান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী সেলিনা বাদি হয়ে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, হামলার সময় তার গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়। ঘটনার পর বিবাদীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
অভিযুক্ত আসামি বাচ্চুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানিয়েছে, সে মোবাইল ব্যবহার করে না।
এ প্রসঙ্গে গ্রামের সর্বদার বলেন—
“বাচ্চুকে সামাজিক মীমাংসার জন্য জানানো হয়েছিল। কিন্তু সে স্পষ্ট জানায়, মীমাংসা চাই না—সে যা পারে করুক।”
গ্রামবাসীর মতে, এই বক্তব্য শুধু ভুক্তভোগী পরিবার নয়, গোটা এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। স্থানীয়রা এ ঘটনার দ্রুত তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আবেগঘন কণ্ঠে ভুক্তভোগী পরিবার বলেন—
“আমরা শান্তিতে থাকতে চাই, শুধু একটু সম্মান আর নিরাপত্তা চাই।”
এই বিষয়ে তদন্ত কর্মকর্তা এএসআই বাসুদেবের বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।