June 15, 2026, 3:06 pm

লাকসামে প্রধানমন্ত্রীর পথসভায় কুমিল্লা বিভাগ ও লাকসামকে জেলার দাবিতে জনতার ঢল

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2026
  • 32 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজারে পথসভায় যোগ দিয়েছেন। শনিবার (১৬ মে) সকালে চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের মুদাফরগঞ্জ বাজারে আয়োজিত এ পথসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত জনতা কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এবং লাকসামকে জেলা ঘোষণার দাবি জানান।

জানা যায়, পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি না থাকলেও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের বিশেষ অনুরোধে প্রধানমন্ত্রী পথসভায় অংশ নেন। পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময় বিভিন্ন সড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তারা।

একইভাবে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে বিজয়পুর ও লালমাই সড়কের দুই পাশে এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে বিজরা থেকে মুদাফরগঞ্জ বাজার পথসভাস্থল পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিজরা ও মুদাফরগঞ্জে উপস্থিত নেতাকর্মী ও উচ্ছ্বসিত জনতা কুমিল্লা বিভাগ ও লাকসামকে জেলা ঘোষণার দাবিতে স্লোগান দেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদেরও মাঠে সক্রিয় দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।

পথসভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় আয়োজিত আরেকটি পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুরো কুমিল্লা জেলা জুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এতে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category