July 31, 2026, 5:07 am

লাকসামে মাদ্রাসাছাত্রী সামিহা হত্যা: বিচার দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি ও বিবৃতি

Reporter Name
  • Update Time : Tuesday, April 28, 2026
  • 131 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে ইকরা মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিহা (১৩) হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে সরব হয়েছে জাতীয় ছাত্রশক্তি লাকসাম উপজেলা ও পৌরসভা শাখা। সংগঠনটির দাবি, তারা প্রশাসনের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করেছে এবং একই সঙ্গে একটি লিখিত বিবৃতিও প্রকাশ করেছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (২৭ এপ্রিল) লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও লাকসাম থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এতে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এদিকে সংগঠনের প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৯ এপ্রিল সংঘটিত আলোচিত এই হত্যাকাণ্ডের এক বছর পার হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি এবং তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়নি, যা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা হিসেবে দেখছে তারা। ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে মৃত্যুর আলামত পাওয়া গেলেও ঘটনার অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ সময় পার হলেও ভুক্তভোগী পরিবার এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত রয়েছে এবং এ ঘটনায় আবাসিক মাদ্রাসা শিক্ষার প্রতি অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

জাতীয় ছাত্রশক্তি তিন দফা দাবি তুলে ধরে— ময়নাতদন্তের ভিত্তিতে দৃশ্যমান বিচারিক অগ্রগতি ও তদন্ত প্রতিবেদন প্রকাশ, দ্রুত আসামি গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা, এবং লাকসামে অবৈধভাবে গড়ে ওঠা মাদ্রাসা ও নারী মাদ্রাসায় পুরুষ শিক্ষকদের মাধ্যমে পরিচালনার বিষয়টি নজরদারিতে আনা।

সংগঠনটির নেতারা জানান, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামিহা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও লাকসাম থানার অফিসার ইনচার্জের বক্তব্য জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি, ফলে প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নিশ্চিত হওয়া যায়নি।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category