লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : প্রতিবন্ধী সবির আলম—এলাকায় সবাই তাকে ভালোবেসে “চেয়ারম্যান” বলে ডাকে। কুমিল্লার লাকসাম পৌরসভার গন্ডা মারা গ্রামের মৃত জব্বার মিস্তিরির ছেলে এই সবির মিয়া। স্ত্রী-সন্তানও প্রতিবন্ধী হওয়ায় সামান্য আয়ে পরিবার নিয়ে ঝুপড়ি ঘরে কষ্টের জীবন যাপন করছিলেন তিনি। বৃষ্টি-রোদে ভোগান্তির সেই ঘর সংস্কারের সামর্থ্য কখনো ছিল না তার।
সম্প্রতি লাকসামের ‘সিটি রানার্স’ গ্রুপের কয়েকজন সদস্য সকালে হাঁটার সময় তার অসহায় অবস্থার কথা জানতে পারেন। পরে তারা নিজেদের চাঁদা তুলে ঘর নির্মাণের উদ্যোগ নেন। ভাড়া বাসায় তাকে স্থানান্তর করে ইঞ্জিনিয়ার রিয়াদ ভূঁইয়ার নকশায় ইতিমধ্যেই নতুন ঘরের ভিটা তৈরি করা হয়েছে।

এই কাজে সহায়তা করছেন সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ উদ্যোগটির পাশে দাঁড়িয়ে দিয়েছেন ২ বান টিন ও নগদ ৬ হাজার টাকা দিয়ে। এছাড়া অনেকে সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা দিচ্ছেন—কেউ ১ হাজার, কেউ ৫০০ টাকা।
প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে দুটি রুম, রান্নাঘর, টয়লেট ও পানির ব্যবস্থা সম্বলিত একটি নতুন ঘর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। উদ্যোক্তা ডেন্টিস্ট আমজাদ হোসেন বলেন, আমরা ইতিমধ্যে ১ লক্ষ ৩০ হাজার টাকার কাজ করিয়েছি, আরো ২ লক্ষ ৭০ হাজার টাকার প্রয়োজনে বন্ধু বান্ধব পরিচিতজনদের কাছে হাত বাড়িয়েছি। তিনি সমাজের বিত্তবানদেরকে সবির আলমের পাশে দাড়াতে অনুরোধ করেন।
স্থানীয় সমাজ সেবক আনোয়ার হোসেন বলছেন, শুনেছি “উদ্যোগ নিলেই পরিবর্তন সম্ভব”—এই ঘর নির্মাণ কার্যক্রমই তার বাস্তব প্রমাণ। সমাজের দশজনের সহায়তায় একজন অসহায়ের ঘর নির্মান হচ্ছে, এটা অনেক মহান একটি উদ্যোগ বলে জানান তিনি।